কক্সবাজারের উখিয়ায় বেসরকারি বিমান পরিবহন সংস্থা মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। উখিয়া থানার ওসি মো. আবুল খায়ে...
কক্সবাজারের উখিয়ায় বেসরকারি বিমান পরিবহন সংস্থা মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন।
উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার শহর থেকে ৪৫ কিলোমিটার দুরে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনার পাড়া এলাকায় রেজু খালে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
একটি বিজ্ঞাপনচিত্রে অংশ নিতে কক্সবাজারে আসা ক্রিকেটার সাকিব আল হাসানকে নামিয়ে ঢাকা ফেরার পথে হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে বলে জানান ওসি।
রবিনসন আর ৬৬ মডেলের ওই হেলিকপ্টারে পাইলটসহ মোট পাঁচজন ছিলেন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করা হয় বলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রফিকুল হাসান জানান।
সদর থানার এসআই মো. ওমর ফারুক জানান, নিহত শাহ আলম (৩২) ঈগল বি নামের একটি বিজ্ঞাপনী সংস্থার হিসাব বিভাগের কর্মী ছিলেন।
ওই প্রতিষ্ঠানের কর্মী শরিফুল, তার দুই ছেলে এবং পাইলট শফিকুল ইসলাম এ দুর্ঘটনায় আহত হয়েছেন বলে এসআই ফারুক জানান।
উখিয়ার ওসি জানান, ঈগল বি’র হয়ে একটি বিজ্ঞাপনচিত্রে অংশ নিতে ক্রিকেট তারকা সাকিব আল হাসান শুক্রবার সকালে ওই হেলিকপ্টারে করে কক্সবাজারে আসেন। ইনানীর একটি হোটেলে তাকে নামিয়ে দিয়ে ওই প্রতিষ্ঠানের দুই কর্মীসহ চারজনকে নিয়ে হেলিকপ্টারটি ঢাকায় ফেরার পথে রেজুখাল সৈকতে বিধ্বস্ত হয়।
পাইলট শফিকুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান ওসি।
স্থানীয় একজন বাসিন্দে জানান, ইনানীর ঝাউবাগানের ওপর দিয়ে কয়েকবার চক্কর দিয়ে হেলিকপ্টারটি সৈকতে বিধ্বস্ত হয়।
এ বিষয়ে মেঘনা এভিয়েশন কার্যালয়ে যোগাযোগ করা হলে একজন কর্মকর্তা বলেন, “আমাদের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে খবর পেয়েছি। তবে বিস্তারিত তথ্য আমাদের হাতে আসেনি।