ঘরের মাঠে বাংলাদেশকে থামালো ইংল্যান্ড। ইংলিশদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে হেরে ২৮ মাস পর সিরিজ হারের স্বাদ পেল বাঙালী টাইগাররা। সর্বশেষ ওয়েস্ট...
ঘরের মাঠে বাংলাদেশকে থামালো ইংল্যান্ড। ইংলিশদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে হেরে ২৮ মাস পর সিরিজ হারের স্বাদ পেল বাঙালী টাইগাররা।
সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২০১৪ সালের আগস্ট মাসে সিরিজ হারে বাংলাদেশ।
এরপর টানা ৬টি সিরিজে জয় পায় মাশরাফি বাহিনী। ইংল্যান্ডকে হারালে টানা ৭টি সিরিজ জয়ের স্বাদ পেত টাইগাররা। তবে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে সিরিজ হারল স্বাগতিকরা।
ঘরের মাঠে ২০১৪ সালে জিম্বাবুয়েকে হারানোর মধ্যদিয়ে টাইগারদের সিরিজ জয়ের মিশন শুরু হয়। সিরিজে ৫টি ওয়ানডেতে সবগুলোই জিতে সফরকারীদের হোয়াইটওয়াশ করে মাশরাফিরা।
গতবছর প্রথম সিরিজ খেলতে আসে পাকিস্তান। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফেরে পাকিস্তান।
পাকিস্তানের পর সিরিজ হারে ভারত। ৩ ম্যাচের সিরিজ ২-১ এ জেতে বাংলাদেশ।
টাইগারদের থাবায় পরাস্ত হয় দক্ষিণ আফ্রিকাও। তারাও ২-১ এ সিরিজ হারে।
গত বছরের শেষের দিকে বাংলাদেশে আসে জিম্বাবুয়ে। ওই সিরিজেও হোয়াইটওয়াশ হয় জিম্বাবুয়ে।
সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষেও ২-১ এ সিরিজ জেতে বাংলাদেশ। তবে এইবার ইংল্যান্ডের বিপক্ষে এসে হোঁচট খায় বাংলাদেশ।
প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরায় টাইগাররা। কিন্তু তৃতীয় ম্যাচে হেরে সিরিজ হারলো বাংলাদেশ।