কুরবানীর ঈদ মানেই হাটে গরু-ছাগল কেনা নিয়ে নানা বিড়ম্বনা। আবার একই সঙ্গে এই সময়টায় ঘটে জীবনের অনেক মজার মজার ঘটনাও। তাই কুরবানীর ঈদে গরু কেনা...
কুরবানীর ঈদ মানেই হাটে গরু-ছাগল কেনা নিয়ে নানা বিড়ম্বনা। আবার একই সঙ্গে এই সময়টায় ঘটে জীবনের অনেক মজার মজার ঘটনাও। তাই কুরবানীর ঈদে গরু কেনার মজার গল্প কিংবা অভিজ্ঞতার কথা জানতে তারকাদের মুখোমুখি হয়েছিলো গ্লিটজ।
ইন্দালো ব্যান্ডের ভোকাল ও অভিনেতা জন করিবের জীবনে গরু কেনা নিয়ে গল্পের অভাব নেই।
তিনি বলেন,“ আমি যেহেতু আমার বাড়ির বড় ছেলে, তাই প্রত্যেক ঈদে আমাকেই হাটে গিয়ে গরু কিনতে হয়। ফলে এতো গল্প রয়েছে তা গুনে শেষ করা যাবে না।”
তবে একবার গরুর হাটেও এক ভক্তের কাণ্ড নিয়ে বেশ বিপাকে পরেছিলেন এই সংগীত তারকা।
তিনি বলেন, “এই মূর্হুতে যে গল্পটি মনে পড়ছে তাই শেয়ার করি। আমি একবার ঈদে হাট থেকে গরু কিনে হাঁটিয়ে বাড়িতে নিয়ে আসছিলাম। পথে একজন ঠিক আমার পেছনে পেছনেই গরু নিয়ে হাঁটছিল; ব্যাপারটা একটু বিব্রতকরই লাগছিল আমার।”
“প্রায় আধ ঘন্টা যাবৎ সে তার গরু নিয়ে আমার পিছনে হাটছে। সে কিছুক্ষনের মধ্যেই জানান দিল, যে সে আমার ভক্ত। একটু পরপর আমার সঙ্গে কথা বলেছে, আমার ফোন নম্বর চাইছে।”
“আমি প্রথমে ভেবেছিলাম, সে হয়ত আমার আশেপাশের এলাকায় থাকে তাই আমার পেছনে পেছনে হাঁটছে। হঠাৎ আমি তাকে জিজ্ঞেস করে বসলাম, আমরা কি একই এলাকায় থাকি? তখন সেই ভক্ত আমাকে জানালো, সে নাকি অন্য এলাকায় থাকেন। শুধু তাই নয় সে আমার একজন অন্ধ ভক্ত হওয়ার কারনেই আমার পিছনে পিছনে গরু নিয়ে হাঁটছেন!”
জন হাসতে হাসতে সেদিনের কথা মনে করে বললেন, “তখন আমি তাকে বললাম তুমি আমার ভক্ত কিন্তু বেচারা গরুটাকে কেন অযথা এতগুলো পথ হাঁটালে? সত্যি বলতে ওই লোকটার কাণ্ডে আমার হাসি পেলেও গরুটার কথা ভেবে আমার খুবই খারাপ লেগেছিলো।”
এবারের ঈদে সংগীত নিয়ে ভক্তদের নতুন কোনো উপহার না দিলেও, জন ঠিকই থাকছেন দর্শকের ঈদ উৎসবে। তার অভিনীত দুটি নাটক এবারের ঈদে প্রচারিত হবে। এরমধ্যে একটি, ‘অনলাইন ফাইট’-এ জন-এর বিপরীতে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা। অন্য নাটকটি হল, ‘আফটার ম্যারেজ’; এতে তার বিপরীতে অভিনয় করেছেন মিথিলা।