বিয়ের এক দিন আগে নাঈমুল ইসলাম নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। এ বিষয়ে গতকাল রোববার হবিগঞ্জের মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুল...
বিয়ের এক দিন আগে নাঈমুল ইসলাম নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। এ বিষয়ে গতকাল রোববার হবিগঞ্জের মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ বলছে, বিষটি তাঁরা গুরুত্ব দিয়ে দেখছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের অটোরিকশাচালক নাঈমুল ইসলাম (২৫) গত শনিবার সকালে অটোরিকশা নিয়ে বের হন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। গতকাল সকাল সাতটার দিকে বাদেশ্বর-আন্দিউড়া সড়কের পাশে একটি অটোরিকশা কাত হয়ে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। চালক বা যাত্রী পাশে না থাকায় তাঁদের সন্দেহ হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, অটোরিকশাটির মালিক নাঈমুল ইসলাম। তিনি নিজেই এটি চালাতেন।
খবর পেয়ে তাঁর পরিবারের লোকজন ঘটনাস্থলে আসেন এবং অটোরিকশাটি নাঈমুলের বলে শনাক্ত করেন। তবে নাঈমুলকে সেখানে না পেয়ে তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এমনকি তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় নাঈমুলের ভাই আউস মিয়া গতকাল মাধবপুর থানায় জিডি করেছেন। আউস মিয়া বলেন, তাঁর ভাই অপহরণ হয়েছেন নাকি অন্য কিছু? এ বিষয়ে তাঁরা কিছুই বুঝতে পারছেন না। অথচ আজ সোমবার তাঁর ভাইয়ের বিয়ের দিন ধার্য ছিল।