জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত সন্দেহে তিন সিরীয় নাগরিককে গ্রেপ্তার করেছে জার্মানি। আইএস ওই তিন সিরীয়কে জার্মানিতে পাঠিয়েছিল...
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত সন্দেহে তিন সিরীয় নাগরিককে গ্রেপ্তার করেছে জার্মানি।
আইএস ওই তিন সিরীয়কে জার্মানিতে পাঠিয়েছিল বলে মঙ্গলবার সন্দেহ প্রকাশ করেছেন কৌঁসুলিরা।
কেন্দ্রীয় এক সরকারি কৌঁসুলি বলেন, তাদের ধারণা, ওই তিনজন ২০১৫ সালের নভেম্বরে আইএস এর নির্দেশে জার্মানিতে ঢুকেছে।
“তাদেরকে কোনও হামলা চালানোর জন্য পাঠানো হয়ে থাকতে পারে কিংবা এ ব্যাপারে পরবর্তী কোনও নির্দেশনা দেওয়ার জন্য অপেক্ষায় থাকতেও পাঠানো হতে পারে।”
১৭ থেকে ২৬ বছর বয়সী ওই তিন সিরীয়কে মঙ্গলবার উত্তরাঞ্চলীয় শ্লেজউইগ হলস্টেন রাজ্য থেকে গ্রেপ্তার করা হয়। কেন্দ্রীয় কৌঁসুলিদের সদরদপ্তর থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
কোথাও কোনও হমলার হওয়ার আশঙ্কা ছিল কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার জানা যায় নি।
২শ’ কেন্দ্রীয় ও স্থানীয় পুলিশের সহায়তায় বিশেষ বাহিনী তিন সিরীয়কে গ্রেপ্তার করে। এরপর শুরু করা তদন্তে এখন পর্যন্ত বাস্তব কোনও হামলা পরিকল্পনা কিংবা এ ধরনের হামলার নির্দেশ সম্পর্কে কোনও আলামত পাওয়া যায়নি।
তিন সন্দেহভাজনের ফ্ল্যাটে কর্তৃপক্ষ তল্লাশি চালিয়ে কিছু পেয়েছে কিনা সে সম্পর্কেও বিস্তারিত কিছু জানায়নি।
গত বছর জার্মানিতে ঢুকেছে প্রায় ১০ লাখ শরণার্থী এবং কয়েক দফা সহিংস হামলার ঘটনার পর এই শরণার্থীদের উপস্থিতি নিয়ে দেশটিতে উদ্বেগ বাড়ছে। আশ্রয়প্রার্থীদের অন্তত তিনটি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটোরই দায় স্বীকার করেছে আইএস।