প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ প্রাপ্তিতে সারাদেশে আনন্দ শোভাযাত্রা কর্ম...
প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ প্রাপ্তিতে সারাদেশে আনন্দ শোভাযাত্রা কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। গতকাল বেলা ১১টায় একযোগে সারাদেশে এবং বিকালে কেন্দ্রীয় ছাত্রলীগের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ব্যাপক জনসমাগম ঘটে। অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নোবেল পুরস্কারে মনোনীত করার মাধ্যমে বঙ্গবন্ধু পরিবারের প্রতি যথাযথ স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা ও মিছিল পূর্ব সমাবেশে অংশ নিয়ে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী এনায়েত বলেন, বাংলাদেশ বঙ্গবন্ধু পরিবারের স্বীকৃতি। বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করার মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা এনে দিয়েছেন। তিনি সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন কিন্তু বাস্তবায়ন করতে পারেননি।
তার সেই গুরুদায়িত্ব শেখ হাসিনা পালন করছেন। এছাড়াও বক্তব্য রাখেন, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আবিদ আল হাসান। উপস্থিত ছিলেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লালন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ। পরে মধুর ক্যান্টিন থেকে আনন্দ মিছিল বের করে ছাত্রলীগের নেতৃবৃন্দ।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কলাভবন রোড প্রদক্ষিণ করে টিএসসি রাজু ভাস্কর্যে এসে সমাবেশে পরিণত হয়।