দেহে প্রাণ থাকার পরও যথাযথ চিকিৎসাসেবা না দিয়ে জন্মের ২ ঘণ্টা পর নবজাতককে মৃত্যু সনদ দেয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে চট্টগ্রামে। চাঞ্চল্যকর ...
দেহে প্রাণ থাকার পরও যথাযথ চিকিৎসাসেবা না দিয়ে জন্মের ২ ঘণ্টা পর নবজাতককে মৃত্যু সনদ দেয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে চট্টগ্রামে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে নগরীর প্রবর্তক মোড়ের সিএসসিআর হাসপাতালে।
সোমবার রাত ১টায় জন্ম নেয় কন্যা নবজাতক। বাবা-মা দু’জনই সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. রিদওয়ানা ও ডা. নুরুল আজম।
কিন্তু সিএসসিআর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকদের অবহেলা নবজাতককে মৃত্যুর দিকে ঠেলে দেয় বলে অভিযোগ স্বজনদের।
স্বজনদের দাবি, দেহে প্রাণ থাকার পরও যথাযথ চিকিৎসাসেবা না দিয়ে জন্মের মাত্র ২ ঘণ্টা পর মৃত্যু সনদ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তারপর একটি প্যাকেটে ওই নবজাতককে নেয়া হয় মা ডা. রিদওয়ানার ৬১২ নাম্বার কেবিনে।
ডা. রিদওয়ানা কাউসার তুষার বলেন, মায়ের মন কিছুতেই মানতে পারছিল না সন্তানের মৃত্যু। তাই প্যাকেট খুলে বাচ্চার মুখ দেখেই চমকে যাই। দেখি দিব্বি নড়াচড়া করছে নাড়িছেঁড়া ধন।
বিষয়টি দ্রুত হাসপাতাল কর্তৃপক্ষকে জানানোর পর তারা আগের সিদ্ধান্তে অটল থাকেন বলে অভিযোগ করলেন নবজাতকের মা। পরে এই অবস্থায় বাচ্চাকে নগরীর এনআইসিইউ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। জন্মের পর প্রায় ২ ঘন্টা উপযুক্ত সেবা না পাওয়ায় নবজাতক শিশুটির অবস্থা অবনতির দিকে।
এনআইসিইউ হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. শাহিন আক্তার জানিয়েছেন, নবজাতকটিকে যখন আমাদের এখানে আনা হয় তখন বাচ্চাটির হার্ডবিট ছিল। তবে শিশুটি এখনো শঙ্কামুক্ত নয়।
মৃত্যু সনদ দেয়ার কথা স্বীকার করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সিএসসিআর হাসপাতালের ব্যবস্থাপনা পরিচারক ডা. জামাল আহমেদ